সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টা নস্যাতের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, মক্কার নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টগুলোতে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেছিলেন এবং সৌদি নিরাপত্তা বাহিনী ঘটনাটি প্রতিহত করেছে।
তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি পুরোনো ভিডিও। এতে এক সৌদি নাগরিককে কাবার কাছাকাছি এলাকায় নিজের পোশাকে পেট্রল ঢালতে দেখা যায়।
সে সময় প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন। তবে ঘটনাটির সঙ্গে কোনো আত্মঘাতী বোমা হামলা বা বিস্ফোরক বেল্ট ব্যবহারের ঘটনা জড়িত ছিল না বলে সৌদি কর্তৃপক্ষের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: মিডলইস্ট মনিটর
সদ্য সংবাদ/এসকে