ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের ঘোষণা অনুযায়ী, দাবি পূরণ না হলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ আয়োজন করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত সমাবেশ থেকে ‘চলো দিল্লি’ কর্মসূচির ডাক দেন ডিপকে। তার ভাষ্য, সারা দেশ থেকে তরুণ প্রজন্মের মানুষ এতে অংশ নেবেন। আন্দোলনটির নাম দেওয়া হয়েছে ‘যন্তর মন্তর ২.০’। তিনি এটিকে অহিংস কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন।
সিজিপির এই কর্মসূচির মূল অভিযোগ ভারতের ভোটার তালিকা সংশোধন বা Special Intensive Revision (SIR) প্রক্রিয়াকে ঘিরে। দলটির নেতারা দাবি করছেন, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি; নির্বাচন কমিশন ও সরকার কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
সমাবেশে সিজিপি নেতা আজিঙ্কিয়া শিন্ডে জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ২০২৫ সালের আগের ভোটার তালিকা পুনর্বহাল, SIR স্থগিত এবং নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত ২০২৩ সালের আইন বাতিলের দাবিও তুলে ধরেন দলটির নেতারা।
মুম্বাইয়ের কর্মসূচিতে পুলিশের অনুমতি না থাকলেও সেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সমাবেশে তরুণদের পাশাপাশি কয়েকজন অভিনেতা, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতির কথাও এসেছে প্রতিবেদনে।
ডিপকে তার বক্তব্যে ভোটার তালিকায় পরিবর্তন, নির্বাচনের ফল ও বিভিন্ন রাজ্যে ভোটারসংখ্যা নিয়ে একাধিক অভিযোগ তোলেন। দিল্লি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের কয়েকটি নির্বাচনী এলাকার উদাহরণও দেন তিনি। তবে এসব পরিসংখ্যান ও অভিযোগের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
সিজিপি জানিয়েছে, মুম্বাইয়ের পর দেশের আরও কয়েকটি শহরে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এরপর ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশের মাধ্যমে আন্দোলনের পরবর্তী ধাপ শুরু করতে চায় দলটি।
সদ্য সংবাদ/এসএস