বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিতে স্পেনে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া বাড়ির দাম, উচ্চ ভাড়া এবং উচ্ছেদের আশঙ্কার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।
আবাসন সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগ নিয়েও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ি ও ভাড়ার খরচ বাড়লেও সে তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি। ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
স্পেনের বড় শহরগুলোর মধ্যে মাদ্রিদে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি আলোচিত। আন্দোলনকারীদের দাবি, উচ্চ ভাড়ার কারণে অনেক পরিবারকে আয়ের বড় একটি অংশ বাসস্থানের পেছনে ব্যয় করতে হচ্ছে। কেউ কেউ আবার ভাড়া পরিশোধে ব্যর্থ হয়ে উচ্ছেদের ঝুঁকিতে পড়ছেন।
বিক্ষোভ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তির নিশ্চয়তা এবং স্বল্পমেয়াদি পর্যটনভিত্তিক ভাড়াব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ।
তাদের অভিযোগ, পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়া দেওয়ার প্রবণতা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ কমে যাচ্ছে। ফলে আবাসন সংকট আরও তীব্র হচ্ছে।
এদিকে সরকারের আবাসন নীতিকে ঘিরে রাজনৈতিক চাপও বেড়েছে। শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত দুটি আবাসনসংক্রান্ত ডিক্রি প্রয়োজনীয় সমর্থন না পেয়ে বাতিল হয়ে যায়। এরপর আন্দোলনকারীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দেয়।
এর একটি ডিক্রিতে আর্থিকভাবে দুর্বল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধির সীমা নির্ধারণের প্রস্তাব ছিল। একই সঙ্গে স্বল্পমেয়াদি ভাড়া ও কক্ষভাড়া ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট আবাসন বিনিয়োগে বিধিনিষেধের বিষয়ও এতে রাখা হয়েছিল।
অন্য ডিক্রিতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়ার চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়। সরকার এসব উদ্যোগকে আবাসন সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখালেও পার্লামেন্টে সমর্থন না পাওয়ায় সেগুলো কার্যকর হয়নি।
পার্লামেন্টের এই সিদ্ধান্তের পর আন্দোলনকারীরা জানিয়েছেন, আবাসন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের ভাষ্য, সাশ্রয়ী বাসস্থানের অভাব এখন কেবল অর্থনৈতিক সমস্যা নয়; এটি সামাজিক সংকটেও রূপ নিচ্ছে।
বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের পরিবারগুলো আবাসন ব্যয়ের চাপে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে বলে দাবি আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের আইনি সুরক্ষা এবং পর্যটননির্ভর স্বল্পমেয়াদি আবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার দাবি জোরালো হচ্ছে।
সব মিলিয়ে আবাসন সংকটকে ঘিরে স্পেনে একদিকে যেমন রাজপথে আন্দোলন বাড়ছে, অন্যদিকে সংসদেও সরকারের আবাসন নীতি বাধার মুখে পড়ছে। ফলে সংকট মোকাবিলা এবং বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনে সরকারের ওপর চাপ আরও বাড়ছে।
সদ্য সংবাদ/এসকে