ভারতের উত্তর প্রদেশের মিরাটে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সময় স্ত্রীকে দেখে পালাতে গিয়ে বিপাকে পড়েছেন মায়াঙ্ক নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, স্ত্রী গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার পরও তিনি গাড়ি না থামিয়ে তাকে বনেটের ওপর রেখেই প্রায় ১০০ মিটার গাড়ি চালিয়ে যান। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) মিরাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মায়াঙ্ক কথিত প্রেমিকা মাহিকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হয়েছিলেন। পরে দুজন মিলে একটি স্থানে মোমো খেতে বসেন। সেখানেই তাদের একসঙ্গে দেখতে পান মায়াঙ্কের স্ত্রী সুনীতা।
স্বামীকে অন্য নারীর সঙ্গে দেখে ক্ষুব্ধ সুনীতা গাড়িটির কাছে গিয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে তিনি গাড়ির জানালায় আঘাত করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মায়াঙ্ক গাড়িতে উঠে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
এরপর সুনীতা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকে দেন। একপর্যায়ে তিনি গাড়ির বনেটে উঠে পড়েন। অভিযোগ রয়েছে, এরপরও মায়াঙ্ক গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে সুনীতা গাড়ির বনেটের ওপর থাকা অবস্থায় প্রায় ১০০ মিটার পথ পাড়ি দেন।
চলন্ত গাড়ির ওপর থেকে সুনীতা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসতে শুরু করলে একপর্যায়ে গাড়ি থামান মায়াঙ্ক।
ঘটনার পর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সুনীতা। অভিযোগে মারধর, যৌতুকের জন্য নির্যাতন, পরকীয়া এবং হত্যাচেষ্টার মতো বিষয় উল্লেখ করেন তিনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে গুরুতর হিসেবে দেখা হচ্ছে। কোতয়ালি এলাকার সার্কেল অফিসার সংগ্রাম সিং জানান, ঝগড়ার একপর্যায়ে মায়াঙ্ক গাড়িচাপা দিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন এমন অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
এ ঘটনায় মায়াঙ্ক ও মাহিকে গ্রেপ্তারের পাশাপাশি ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ। ঘটনার পেছনের কারণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সুনীতার অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে তদন্ত চলছে।
সদ্য সংবাদ/এসএস