যুদ্ধের কারণে ভয়াবহ মানবিক সংকটে থাকা গাজাবাসীর জন্য নতুন করে ৩ হাজার ১৮৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে মিশর। রোববার ভোরে মিশরীয় রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় একটি বড় ত্রাণবহর গাজার উদ্দেশে যাত্রা করে।
মিশরীয় রেড ক্রিসেন্টের তথ্যের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ত্রাণবহরে হাসপাতালের জন্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্যপণ্য, ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে। গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব সামগ্রী পাঠানো হয়েছে।
‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় পরিচালিত ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে এবারের সহায়তা পাঠানো হয়। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি মোকাবিলায় মিশরের জাতীয় পর্যায়ের এই কর্মসূচি কাজ করছে।
এদিকে গাজার স্বাস্থ্য খাতও দীর্ঘদিন ধরে চরম সংকটের মধ্যে রয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, প্রয়োজনীয় জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী সামগ্রীর সংকটের কারণে গাজার কোনো হাসপাতালই বর্তমানে পূর্ণ সক্ষমতায় সেবা দিতে পারছে না।
ডব্লিউএইচওর প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসাসামগ্রী গাজায় পৌঁছাতে গড়ে ৭৪ দিন পর্যন্ত সময় লাগছে। এমনকি এক্স-রে মেশিনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও অনেক সময় আটকে থাকছে কিংবা অনুমোদন পেতে দেরি হচ্ছে।
এই পরিস্থিতিতে গাজার হাসপাতালগুলো সচল রাখা এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে দ্রুত জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাড়ানো জরুরি বলে মনে করছে মানবিক সহায়তা সংস্থাগুলো।
সদ্য সংবাদ/এসএস