স্পেনে আবাসন সংকটকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া তীব্র অসন্তোষ ও বিক্ষোভের মধ্যেই আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্যালেস অব মনক্লোয়া থেকে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের সিদ্ধান্ত জানান তিনি। আগামী ২৯ নভেম্বর নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ভাষণে সানচেজ বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে এবং জনগণ কেমন ভবিষ্যৎ প্রত্যাশা করেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
দীর্ঘদিন ধরে স্পেনে আবাসন ব্যয় ও বাসস্থানের সংকট নিয়ে ক্ষোভ বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত দুটি জরুরি অধ্যাদেশ জারি করলেও সেগুলো পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়।
আইন দুটি পাসে ব্যর্থ হওয়ার ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যেই আগাম নির্বাচনের ঘোষণা এলো। ফলে আবাসন সংকট ঘিরে সরকারের ওপর তৈরি হওয়া রাজনৈতিক চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে, আবাসন সংকটের প্রতিবাদে গত কয়েক দিন ধরে রাজধানী মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ চলছে। মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সোল এলাকায় জড়ো হয়ে হাজারো মানুষ সরকারের আবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
রাজধানীর পাশাপাশি দেশটির অন্যান্য প্রধান শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগাম নির্বাচনকে সামনে রেখে আবাসন সংকটই স্পেনের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস