মক্কা চুক্তি কার্যকর, সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৫:১৭
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত ও হামলার আশঙ্কা বাড়ার মধ্যে কার্যকর করা হয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা জোট। জোটের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে দ্রুত সামরিক সদস্য ও প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ও তুরস্ক।

সোমবার সৌদি রাজধানী রিয়াদে জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিন দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বাস্তবে কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এর অংশ হিসেবে সৌদি আরবে মোতায়েনের জন্য নির্ধারিত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা সরবরাহের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশের মধ্যে আগে নির্ধারিত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুসরণ করেই সেনা মোতায়েন করা হবে। এর মাধ্যমে সামরিক প্রস্তুতি বাড়ানো, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

জোটের বিবৃতিতে সৌদি আরবের শহর, বেসামরিক স্থাপনা, অর্থনৈতিক অবকাঠামো এবং মক্কা-মদিনার মতো মুসলিমদের পবিত্র স্থানকে লক্ষ্য করে যেকোনো হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে পাকিস্তান ও তুরস্ক।

রিয়াদের বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু অংশ নেন। পাকিস্তানের পক্ষে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি।

এ বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুমান মাহমুদও অংশ নেন। তাকে তিন বছরের মেয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জোটের কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তি স্বাক্ষরের পর থেকেই এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির কাজ চলছিল। আগস্টে ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের বৈঠক হয়। এরপর ২৫ সেপ্টেম্বর রিয়াদে সামরিক প্রধানদের আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

এর মধ্যেই হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে জোটটির কার্যক্রমকে সামনে নিয়ে এসেছে। হুথিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে পাকিস্তান ও তুরস্কের সামরিক সহায়তার ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

জোটভুক্ত দেশগুলোর বক্তব্য, এক দেশের নিরাপত্তাকে অন্য দুই দেশের নিরাপত্তা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাই মক্কা চুক্তির বাস্তবায়নের মাধ্যমে তিন দেশের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সূত্র: এপি, ইন্ডিয়া টুডে

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী