ভারতে নির্বাচন কমিশনকে ঘিরে সরকার ও বিরোধীদের রাজনৈতিক টানাপোড়েন আরও জোরালো হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে বিরোধী নেতাদের সংঘাতের পর এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে তাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেন তারা।
পরে নির্বাচন কমিশনের সামনে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা। সেখান থেকে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিসহ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার রাতে আকাশবাণী ভবনের সামনের এলাকা থেকেও রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সময়ে ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যকেও আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
এদিকে, এ ঘটনার পর আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করার পরিকল্পনাও রয়েছে তাদের।
অন্যদিকে, বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছেন এবং এর মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির পরিবেশ সৃষ্টি করছেন।
নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের এই আন্দোলন এবং পুলিশের পদক্ষেপের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসকে