ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার বিষয়ে আগ্রহ কম থাকলেও যুদ্ধ দ্রুত শেষ করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করাকে তিনি বিশেষভাবে পছন্দ করেন না। তবে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরান যুক্তরাষ্ট্রকে সবকিছু দিতে প্রস্তুত বলে দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কাজ করছেন মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তার ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, উইটকফ বিষয়টি নিয়ে খুব ভালোভাবে কাজ করছেন এবং তিনি একজন অসাধারণ আলোচক।
তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না- এ অবস্থানও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।
চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং এটি দ্রুতই শেষ হওয়া প্রয়োজন।
ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরানের এখনো কিছুটা লড়াই করার সক্ষমতা রয়েছে, তবে সেই সক্ষমতা খুব বেশি নয়।
এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের মধ্য দিয়ে ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত মিললেও আনুষ্ঠানিক কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি।
সদ্য সংবাদ/এসকে