মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এক ধাক্কায় বেড়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলারের সীমা ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটের দিকে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়।
বাজারসংশ্লিষ্টদের মতে, তেলের দাম বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ নিয়ে তৈরি হওয়া নতুন অনিশ্চয়তা। অঞ্চলটির তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য বিভিন্ন দেশে পৌঁছে।
ফলে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা আগাম সতর্ক অবস্থান নেওয়ায় তেলের বাজারে ক্রয়চাপ বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতি হলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি বাড়বে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা
সদ্য সংবাদ/এসকে