যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির প্রত্যাশা জানিয়ে ইমাম মাহদীর দ্রুত পুনরাগমনের জন্য প্রার্থনা করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে মোজতবা খামেনির এ বক্তব্য প্রকাশ করা হয়।
বার্তায় খামেনি বলেন, নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। দেশের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চল পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি এবং মর্যাদা বৃদ্ধিতে পুলিশ সদস্যরা আরও সাফল্য অর্জন করবেন। বার্তায় তিনি ইমাম মাহদীর দ্রুত পুনরাগমন কামনা করেন।
ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধগুলোতে পুলিশ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী পুলিশ কমান্ডের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সামনের সারিতে দায়িত্ব পালনকারী সদস্যদের লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা করেছে। তবে এসব হামলার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন বলে দাবি করেন তিনি।
পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন ইরানের এই নেতা। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের দায়িত্বশীলতা ও প্রচেষ্টার প্রশংসা করেন মোজতবা খামেনি এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
সদ্য সংবাদ/এসকে