ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে যন্তর মন্তর এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে নিরাপত্তার কারণে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এ ব্যবস্থা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে পুলিশ।
এর আগে ১০ অক্টোবরের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) ৫৭টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার ঘোষণা দেয়। শুক্রবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকার কথা জানানো হয়েছে। এসব স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী মেট্রো ট্রেনের পরিষেবাতেও সীমাবদ্ধতা থাকতে পারে।
এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের যাত্রা শুরুর আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২৩ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৩ হাজারের বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে ২২১টি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশের জন্য অতিরিক্ত ১১০টি কোম্পানি বরাদ্দ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোতায়েনের তালিকায় রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৮৫টি কোম্পানি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সাতটি, র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সাতটি এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) একটি কোম্পানি।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন স্থানে একাধিক স্তরের ব্যারিকেড বসানো, নিয়ন্ত্রণকক্ষ থেকে সিসিটিভি ক্যামেরায় নজরদারি এবং ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিক্ষোভ চলাকালে সতর্ক থাকতে উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ প্রতিবেশী রাজ্যগুলোকেও বলা হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা বিরোধী জোটের
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর শুক্রবার রাত ৮টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার কথা বিরোধী নেতাদের।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে ঘিরেই দিল্লিতে এসব নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে