ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনার মধ্যেই আটক হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮- এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাসায় যায়। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। পরে সেখান থেকেই তাঁকে আটক করা হয়। পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ধ্রুব রাঠি। কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতেও তাঁর বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্যের উপস্থিতির কথা জানিয়েছে নিউজ১৮। গুরগাঁওয়ের সেক্টর ৫৬- এর সেন্ট্রাল পার্ক বিহার এলাকায় অবস্থিত ওই বাসা থেকেই শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না কিংবা আটকের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে- এসব বিষয়ে নিউজ১৮- এর প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সদ্য সংবাদ/এসকে