ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা। শনিবার দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর সেটির ভেতর থেকেই তাঁদের আটক করা হয়। আটক নেতারা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
সিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার কথা ছিল দলটির। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তা সত্ত্বেও কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছিল দলটি।
বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে উড়োজাহাজে দিল্লি যাচ্ছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরই উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তাঁদের আটক করে পুলিশ।
আটকের পুরো ঘটনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। তাঁর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তিন নেতাকে আটক করছে। এ সময় পুলিশের সঙ্গে সিজেপির সদস্যদের তর্ক-বিতর্ক ও হট্টগোলের ঘটনাও ঘটে।
ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশে অভিজিৎকে বলতে শোনা যায়, তাঁরা উড়োজাহাজ থেকে নেমে আসা পর্যন্ত পুলিশ অপেক্ষা করতে পারত। একই সঙ্গে আটক হওয়ার বিষয়ে ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি।
সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিন নেতাকে উড়োজাহাজ থেকে আটকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁদের আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসকে