ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপক। তাঁর সঙ্গে দলের আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে। আটকের আগে বিমানের ভেতরে তাঁদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে মুম্বাই থেকে আসা বিমানটি দিল্লিতে পৌঁছায়। অবতরণের পরপরই সেখানে উপস্থিত হন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সিজেপি নেতাদের আটক করতে গেলে পুলিশ ও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে ভিডিওতে দেখা গেছে।
ভিডিওতে অভিজিৎ দীপক ও তাঁর সঙ্গীদের পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁদের আটক করতে চাইলে পুলিশ যেন তা করে। এ সময় তাঁরা স্লোগান দিতে থাকেন। ঘটনাটি প্রত্যক্ষ করে বিমানের অন্য যাত্রীরাও মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিজিৎ দীপক। দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হতে পারে এমন আশঙ্কার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।
শুক্রবার রাতে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তাঁকে আটক করা হলেও নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তিনি।
ওই বার্তায় অভিজিৎ আরও বলেন, গণতন্ত্র রক্ষার দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। তাঁর আশঙ্কা, আন্দোলন দমনে তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) কিংবা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করা হতে পারে। তবে এসব আইনের ভয়েও পিছিয়ে যাবেন না বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস