ভারতের রাজধানী দিল্লিতে তরুণ আন্দোলনকারীদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর হুঁশিয়ারি, আন্দোলনকারীদের বিরুদ্ধে যত পুলিশই মোতায়েন করা হোক কিংবা নেতাদের গ্রেপ্তার করা হোক, সংবিধান ও বাক্স্বাধীনতা রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ আটক করা হয়। এ ছাড়া যন্তরমন্তরের আশপাশে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদেরও আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক বিক্ষোভকারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, সরকারের ধরপাকড় আন্দোলনকারীদের দমাতে পারবে না। তাঁর দাবি, বিরোধী দল ও তরুণদের আন্দোলন অব্যাহত থাকবে।
ভিডিওবার্তায় মোদি সরকার ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনা করে রাহুল বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করছেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের প্রভাব কমে আসছে এবং আন্দোলনকারীরা পিছু হটবেন না।
রাহুল গান্ধী আরও বলেন, প্রয়োজনে হাজার হাজার পুলিশ মোতায়েন কিংবা আন্দোলনকারীদের সবাইকে গ্রেপ্তার করলেও তাঁদের অবস্থান বদলাবে না। সংবিধান রক্ষা এবং ভারতীয় নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
দেশটির তরুণদের উদ্দেশে কংগ্রেস নেতা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সংবিধানের ওপর আঘাতের জন্য দায়ীদের রাজনৈতিকভাবে পরাজিত করতে চান তাঁরা।
দিল্লিতে বিক্ষোভকারীদের আটক এবং রাহুল গান্ধীর বক্তব্যের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস