ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মোদিকে ভারতের জন্য লজ্জার কারণ বলে মন্তব্য করেন।
রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
মুক্তির পর এক্সে দেওয়া পোস্টে দীপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার কারণ। এই দেশ এর চেয়ে বড় কোনো কাপুরুষ ও নির্যাতনকারীকে কখনো দেখেনি।’
তবে মুক্তি পেলেও তিন নেতাকে কিছু শর্ত মানতে হবে। সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিংহের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তাঁরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যা শান্তি বিঘ্নিত করতে পারে।
এদিকে নেতাদের মুক্তির পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেছে সিজেপি। এতে দলটি লিখেছে, ‘ককরোচরা কখনো মরে না।’ পাশাপাশি অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিতে দিল্লি পুলিশ বাধ্য হয়েছে বলেও দাবি করেছে দলটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সদ্য সংবাদ/এসএস