ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশটির বিমান চলাচলে বিঘ্ন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ঘটনাও বেড়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিশ অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ৯টা পর্যন্ত রিয়াদের বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকবে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত ওই নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দর। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, হামলার কারণে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি দেশটির আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
সাম্প্রতিক এই পরিস্থিতিকে সৌদি আরবের বিমান চলাচল খাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে খাতটি আগে থেকেই নানা চাপের মুখে রয়েছে। এর সঙ্গে উড়োজাহাজের জ্বালানির উচ্চমূল্য যুক্ত হয়ে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় বাড়িয়েছে এবং মুনাফায় প্রভাব ফেলছে।
এর মধ্যে নতুন করে হামলা ও বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিমানবন্দরটি কবে থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসকে