ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাঁরা একটি ভোজ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
বৈশালীর রাঘোপুর এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদেরও।
নদীতে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে প্রশাসনের সঙ্গে কাজ করছেন স্থানীয় গ্রামবাসীরা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সম্রাট চৌধুরী বলেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’
এদিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’
সদ্য সংবাদ/ এআর