বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ ও যথাযথ তদন্তের প্রত্যাশা জানিয়েছে ভারত। এসব বিষয়ে বাংলাদেশ সরকার গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে বলে আশা করছে নয়াদিল্লি।
বুধবার এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান। এ সময় তিনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ উল্লেখ করেন।
সম্প্রতি প্রকাশিত ওই বিবৃতিতে সংগঠনটি দাবি করে, গত তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুনসহ ১৪১টি ‘অত্যাচারের’ ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
অন্যদিকে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আঞ্চলিক জোট বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত না থাকলেও দেশটির প্রতিনিধিদল অংশ নেয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের প্রতিনিধিত্বকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে দেখছে ভারত।
বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতিতে গৃহীত ‘দিল্লি ডিক্লারেশন’ প্রসঙ্গেও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, বিমসটেক অঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন, আন্তসীমান্ত মাদক পাচার রোধ এবং অর্থ পাচার প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়ে সদস্যদেশগুলো ঐকমত্যে পৌঁছেছে।
সদ্য সংবাদ/ এআর