পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ শিশু। বৃহস্পতিবার পেশোয়ারের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধসে পড়া ছাদের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এর আগে তিনি দুর্ঘটনায় ৪০ জনের বেশি আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে ২৮ শিশুর মরদেহ আনা হয়েছে। এ ছাড়া নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় আরও দুটি মরদেহ। পরে এক নারী শিক্ষকের মরদেহও হাসপাতালে পৌঁছায়।
এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। তবে কী কারণে স্কুলের ছাদ ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাদেশিক শিক্ষাসচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সূত্র: জিও নিউজ
সদ্য সংবাদ/এসএস