সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। হাতকড়া পরানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আদালত ভবনের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আব্দুল মমিন (২৪)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, চুরি মামলায় কারাগারে থাকা আব্দুল মমিনকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসা হয়। বিচারিক কার্যক্রম শেষে তাকে আবার হাজতখানায় নেওয়ার সময় পুলিশ সদস্যরা হাতকড়া পরানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় সুযোগ বুঝে ওই আসামি এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই কোর্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পলাতক আসামিকে ধরতে অভিযান শুরু করেন। বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হলেও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোর্ট পুলিশের কর্মকর্তারা জানান, আসামি পালানোর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ জানিয়েছে, আদালত ভবনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস