বিচারপ্রক্রিয়ায় সাধারণ মানুষের প্রবেশাধিকার ও আইনি সহায়তা আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ নিতে জাপান সফরে যাচ্ছেন বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশটিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন ১৭ জন বিচারকসহ বিচার বিভাগ ও আইন পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সফরের বিস্তারিত জানানো হয়।
সফরকারী দলের সদস্যদের মধ্যে জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, দেওয়ানি জজ ছাড়াও আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা এবং লিগ্যাল এইডের কর্মকর্তারা রয়েছেন। জেলা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবীও প্রতিনিধি দলের সঙ্গে থাকছেন।
দলের নেতৃত্বে থাকা সদস্যদের মধ্যে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। প্রতিনিধি দলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।
এ ছাড়া হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা, স্পেশাল অফিসার মো. মাজহারুল হক এবং আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান সফরসঙ্গী হচ্ছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান এবং বিভিন্ন জেলার লিগ্যাল এইড ও বিচার বিভাগের কর্মকর্তারাও অংশ নেবেন।
প্রতিনিধি দলে জেলা পর্যায়ের বিচারকদের পাশাপাশি রয়েছেন কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
অন্যদিকে আইনজীবীদের মধ্যে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাপান সফরের পুরো সময়টিই সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের কর্মকালীন দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। প্রশিক্ষণ ও সফরের সব ধরনের ব্যয় বহন করবে জাইকা। ফলে এ সফরের জন্য বাংলাদেশ সরকারের স্থানীয় কিংবা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ খরচ হবে না।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি আগামী ১ নভেম্বর অথবা তার কাছাকাছি সুবিধাজনক সময়ে ঢাকা থেকে জাপানের উদ্দেশে রওনা হবে। দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস