বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে জুয়েলকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করলে রোববার তাকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে, তার আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৭ জুন রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গুলিবিদ্ধ হন জুয়েল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি এ ঘটনায় থানায় মামলা করেন। সেই মামলাতেই এবার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।
সদ্য সংবাদ/এসএস