দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাধা ও হুমকি বন্ধ এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে জনস্বার্থে এ আবেদন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রিটটি দায়ের করেন।
আবেদনে বলা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার কারণে দেশের সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিকাশ ব্যাহত হচ্ছে। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবিধানের ২৩ অনুচ্ছেদেও জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের বিষয়ে নির্দেশনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
রিটকারী আইনজীবীর অভিযোগ, ধর্মের নাম ব্যবহার করে একটি শ্রেণি অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি আবেদনে তুলে ধরেছেন।
রিটে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, কনসার্ট, নাটক, সিনেমা, গানসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তবে এ রিটের বিষয়ে হাইকোর্টের কোনো আদেশ হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদ্য সংবাদ/এসকে