জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ আবজালুল হক। জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে খালাস পাওয়ার পর অভিযুক্ত কোনো ব্যক্তির কারামুক্তির এটিই প্রথম ঘটনা বলে জানা গেছে।
গত ১৩ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির জেলার মো. আরিফুর রহমান।
আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানের সময় সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত ছিলেন শেখ আবজালুল হক। পরে তিনি ওই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হন। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে এ মামলা থেকে খালাস দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের একটি গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় অন্তত একজনকে গাড়িতে আগুন দেওয়ার সময় জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে জানা গেছে। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আলোচিত মামলা।
এ মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় শেখ আবজালুল হক পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ভূমিকা রাখেন। ট্রাইব্যুনাল তাঁকে খালাস দেওয়ার পরও তিনি কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে গত ১৩ অক্টোবর কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়।
সদ্য সংবাদ/এসকে