প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নাম রয়েছে।
এদিকে একই দিনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠান পরিচালিত হবে।
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথির উপস্থিতির কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। পরে রাষ্ট্রপতি নির্বাচনের ফলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দীর্ঘ সময় পর একাধিক প্রার্থী থাকায় অনুষ্ঠিত এই রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। নতুন রাষ্ট্রপতির শপথের পাশাপাশি মন্ত্রিসভায় চারজনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের কাঠামোতেও পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
সদ্য সংবাদ/এসএস