সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদ পরিবেশনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারি দলের পাশাপাশি সংসদের বিরোধী দল এবং সংসদের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও কার্যক্রমও গুরুত্ব দিয়ে প্রচার করা হবে। একই সঙ্গে বিটিভির সংবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী-প্রতিমন্ত্রীর ছবি কম দেখানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্যমন্ত্রী বলেন, বিটিভির সঙ্গে আলোচনার সময় তিনি ও প্রতিমন্ত্রী নিজেদের ছবি অতিরিক্ত প্রচারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। দীর্ঘদিনের প্রচলিত ধারা পরিবর্তনে কিছুটা সময় লাগলেও সরকারি সম্প্রচারে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা কমানোর বিষয়ে তারা কাজ করছেন।
অন্যদিকে, সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার ভাষ্য, শুধু ক্ষমতাসীন দলের মন্ত্রী বা সংসদ সদস্যদের কার্যক্রমকে কেন্দ্র করে সংবাদ পরিবেশন না করে সংসদের বিরোধী সদস্যদের পাশাপাশি সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর বক্তব্যও প্রচার করতে হবে।
তিনি বলেন, সরকারের সমালোচনা থাকলেও বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট বক্তব্য মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এর মাধ্যমে সরকারি গণমাধ্যমে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিভি ও সংসদ টেলিভিশনসহ সরকারি সম্প্রচারমাধ্যমগুলোতে নতুন এই নীতির প্রতিফলন দেখা যাবে।
সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকারের অবস্থান শুধু একজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার মধ্যে সীমাবদ্ধ নয়। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা বিভিন্ন ঘটনায় অভিযোগ রয়েছে, তাদের সবাইকে দেশে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার লক্ষ্য সরকারের।
জুলাই আন্দোলনসহ পূর্ববর্তী বিভিন্ন ঘটনার অভিযোগেরও যথাযথ বিচার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের আওতায় বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস