কাউকে বন্ধ করে রাখা বা কোনো কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দায়িত্ব নেওয়ার সময়ে বাংলাদেশ কঠিন একটি সময় অতিক্রম করছে। তার দাবি, বিগত সময়ে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো দুর্নীতি ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকারকে সবার সহযোগিতা প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পার্থ বলেন, ভারত সরকার বিষয়টি রাজনৈতিকভাবে না নিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ পলাতক সব আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করে।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই সেখানে কিছু অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নয়; বরং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে চায়। সংশ্লিষ্ট দুই এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে গণমাধ্যম আগের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের ফোন করে চাপ দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের ভালো কাজের পাশাপাশি সমালোচনাও গণমাধ্যমে উঠে আসবে—এটাই স্বাভাবিক। সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। তবে রাষ্ট্রের ক্ষতি হয় কিংবা রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার ও রাষ্ট্র এক বিষয় নয়। সরকারের সমালোচনা করা আর রাষ্ট্রের ক্ষতি করা—দুটিকে একইভাবে দেখা উচিত নয়।
এদিকে, গ্যাস সংকট নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দেশে গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাস কার্গো সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে, তবে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, বর্তমান সংকট দীর্ঘদিনের জমে থাকা সমস্যার ফল। জ্বালানি খাতে স্থায়ীভাবে স্বস্তি ফিরিয়ে আনতে সময় প্রয়োজন হতে পারে। তবে পরিস্থিতি আরও অবনতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গ্যাসের ঘাটতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি খাতে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।
সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আগের সময়ের তুলনায় বর্তমানে দেশের সাংস্কৃতিক পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে।
দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত পূরণের চেষ্টা করা হবে।
সদ্য সংবাদ/এসকে