মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে যাদের বকেয়া রয়েছে, তাদের জন্য সময় বাড়িয়েছে সরকার। নির্ধারিত কর ও ফি পরিশোধ করে কোনো জরিমানা ছাড়াই এসব সেবা নেওয়া যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই সময়সীমা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট হালনাগাদ করা যাবে। একই সুবিধা থাকছে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।
এ জন্য সংশ্লিষ্টদের শুধু মূল কর ও নির্ধারিত সরকারি ফি পরিশোধ করতে হবে। অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এখনো মোটরযানের কাগজপত্র হালনাগাদ করতে পারেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে এবার আর সময় বাড়ানো হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে কাগজপত্র নবায়ন না করা যানবাহনের মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীরা জরিমানা ছাড়াই বৈধতা হালনাগাদের সুযোগ পাবেন।
তবে নির্ধারিত ২৯ অক্টোবরের পর আগের এই সুবিধা আর পাওয়া যাবে না। তাই সংশ্লিষ্টদের সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস