সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি মো. হাবিবুল গনি।
রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তার শপথ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি হাবিবুল গনি এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আপিল বিভাগে যোগদানের ফলে প্রধান বিচারপতিসহ এ বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিচারপতি মো. হাবিবুল গনি।
সদ্য সংবাদ/এসকে