আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে কোনো ধরনের খরচ ছাড়াই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানান তিনি।
এদিকে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে।
তিনি আরও জানান, রাজধানীতে চলাচলকারী ই-রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। দুই ও চার আসনের ই-রিকশার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় নীতিমালা ও বিধিমালা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে