বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যান এলাকায় গিয়ে প্রথমে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এ সময় তাদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দলকে আরও ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
নেতারা বলেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে দলীয় আদর্শকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে