বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সাক্ষাতে রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা আরও বাড়াতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আনসার সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে বিদেশি ভাষা, কারিগরি জ্ঞান ও আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে সদস্যদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতের শুরুতে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
এ সময় বাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক। আনসার সদস্যদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম, সদস্যদের তথ্যভান্ডার তৈরির উদ্যোগ, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক।
রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের কল্যাণে বাহিনীটির আরও বিস্তৃত ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
এ সময় আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন জনমুখী কর্মসূচিতে আনসার-ভিডিপির অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর ও জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাহিনীর উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণে রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবন ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস