নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের জন্য জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই মানবিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অনুদানের অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সহায়তার অর্থ ছাড়ের বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে নির্ধারিত প্রক্রিয়ায় নেপালকে এই অর্থ দেওয়া হবে।
এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। নেপালের কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত দুর্যোগে ১ হাজার ১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
নেপালের পাশাপাশি এই দুর্যোগের প্রভাব পড়েছে চীনের সীমান্তবর্তী এলাকাতেও। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
ভয়াবহ এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের ঘোষিত অর্থ সহায়তাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস