বাংলাদেশ থেকে ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া নাগরিকদের জন্য চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিদ্যমান এই ব্যবস্থাটি পুনর্বিবেচনার বিষয়েও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আলোচনায় বিষয়টি উঠে আসে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং উভয় দেশের জাতীয় স্বার্থের প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটিকে আরও ভারসাম্যপূর্ণ করার সুযোগ রয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কাজে যাওয়া বাংলাদেশি উদ্যোক্তা এবং প্রকৃত পর্যটকদের বিষয়টিও আলোচনায় আসে। তাদের ভ্রমণকে সহজ করতে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সরলীকরণের আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন আগ্রহের বিষয়টি তুলে ধরে।
সদ্য সংবাদ/এসএস