আজ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় জামিনে মুক্তি পান তারেক রহমান।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
বিএনপির অভিযোগ, কারাবন্দি অবস্থায় রিমান্ডে নিয়ে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর বিভিন্ন মামলায় জামিন পাওয়ায় ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতাল থেকেই মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়।
চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। এরপর থেকেই তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবনের শুরু হয়।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিবছর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি ‘তারেক রহমানের কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে দলের নেতাকর্মীরা তার রাজনৈতিক জীবন, কারাবন্দিত্ব ও পরবর্তী নির্বাসিত জীবনের নানা দিক তুলে ধরেন।
এবারও দিবসটি ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে