২০১৭ সালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের কারণে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। তাকে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে গত ৩১ আগস্ট জারি করা এক আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকার পরিচালক শফিকুজ্জামান ভূঞা।
একই আদেশে বিআরটিএর আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে চলতি বছরের ৭ মার্চ মাসুদ আলমকে বিআরটিএর সদর কার্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে সেই আদেশ বাস্তবায়ন না হওয়ায় পরবর্তীতে তা বাতিল করা হয়।
২০১৭ সালে মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পর আয়োজিত একটি অনুষ্ঠানে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের মাসুদ আলমকে উদ্দেশ করে ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্য করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর থেকেই তিনি ‘ভাইরাল মাসুদ’ নামে পরিচিতি পান।
মাসুদ আলম ২০২৪ সালের মার্চে বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর এবার তাকে ঢাকার বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হলো।
সদ্য সংবাদ/এসকে