দেশের জ্বালানি চাহিদা পূরণ ও চলমান সংকট মোকাবেলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস বিবেচনায় নিয়ে কাজ করছে। দেশের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে জ্বালানির বিকল্প উৎস নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে দেশের রপ্তানি খাত নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষ করে গার্মেন্টস খাতের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে।
সদ্য সংবাদ/এসকে