ভোলায় পাওয়া গ্যাস স্থানীয়ভাবেই কাজে লাগিয়ে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নিতে হলে প্রায় সাত বছর সময় প্রয়োজন হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
সুলতানা আহমেদ জানতে চান, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে ভোলার গ্যাস জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কোনো দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ রয়েছে কি না। একই সঙ্গে ভাসমান প্রযুক্তির মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহের সম্ভাবনাও জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে আনার পরিকল্পনা নেওয়া হলে অবকাঠামো নির্মাণসহ পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত সাত বছর সময় লাগতে পারে।
এ কারণে ভোলায় থাকা গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের মাধ্যমে শিল্পকারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে কয়েকজন শিল্প উদ্যোক্তা সেখানে গ্যাসনির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এসব শিল্প চালু হলে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ভোলার স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও সংসদে জানান তিনি। পাশাপাশি গ্যাসভিত্তিক ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, সম্পূরক প্রশ্নে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে চান।
এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি তার কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। এ বিষয়ে লিখিতভাবে জানানো হলে প্রস্তুতি নিয়ে যথাযথ উত্তর দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা নির্বাচনের আগেই বিএনপির নির্বাচনী ইশতেহারে তুলে ধরা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং নতুন তথ্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এসব পরিকল্পনাকে আরও বিস্তারিত ও কার্যকর করার কাজ চলছে।
তিনি বলেন, শিক্ষা, শিল্প, চিকিৎসাসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন। সরকারের পরিকল্পনাগুলো ধাপে ধাপে আরও উন্নত করা হচ্ছে এবং কার্যক্রম শুরু হলে দেশের বিভিন্ন স্তরের মানুষ পর্যায়ক্রমে এসব উদ্যোগ সম্পর্কে জানতে পারবেন।
সদ্য সংবাদ/এসএস