ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট না হওয়ায় সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা নেই।
তবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঢাকার আগ্রহ রয়েছে বলে জানান হুমায়ুন কবির। তার ভাষ্য অনুযায়ী, ব্রিকস সম্মেলনে যোগ না দিলেও ভবিষ্যতে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর হতে পারে।
এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বসছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক ভারত। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছিল।
বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
এর আগে ভারতের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই। এতে সফর নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা।
শেষ পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে সেই অনিশ্চয়তার অবসান হলো। অর্থাৎ ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা খোলা থাকছে।
সদ্য সংবাদ/এসকে