র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। এ জন্য ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
আইন প্রণয়নের কার্যক্রমে বিলটি বিবেচনায় নেওয়ার প্রস্তাব উত্থাপন করা হলে স্পিকার সংসদ সদস্যদের মতামত জানতে চান। এ সময় বিরোধীদল আপত্তি জানায়। তবে কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হয়।
পরে বিলের বিভিন্ন দফা নিয়ে আলোচনা ও সংশোধনী প্রস্তাবের কার্যক্রম সম্পন্ন হয়। এরপর স্পিকার বিলটি পাসের জন্য সংসদের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।
সংসদীয় কার্যক্রমের মাধ্যমে র্যাব বিলুপ্তির পাশাপাশি বাহিনীটির পরিবর্তে এসআরবি গঠনের পথও আনুষ্ঠানিকভাবে তৈরি হলো।
এর আগে ২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ সংশোধনের মাধ্যমে র্যাব প্রতিষ্ঠার আইনি কাঠামো তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে বাহিনীটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা সময়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।
নতুন আইনের মাধ্যমে বিদ্যমান আইনে র্যাব-সংক্রান্ত বিধানগুলো বাদ দিয়ে এসআরবির জন্য পৃথক আইন প্রণয়ন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় পুরোনো ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত ‘এপিবিএন বিল’ও জাতীয় সংসদে পাস হয়েছে।
সদ্য সংবাদ/এসএস