চট্টগ্রামের হাটহাজারীতে সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দুপুরে সিএমএইচে পৌঁছে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানতে চান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, আহত কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
হাসপাতালে তিনি আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের মনোবল ধরে রাখতে সাহস জোগানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এর আগে বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলার সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের পর্যায়ে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই সেনাসদস্য প্রাণ হারান এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত কর্মকর্তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস