চলতি বছর দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। তাঁর ভাষ্য, বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান সংকট বৈশ্বিক পরিস্থিতির অংশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তেল ও বিদ্যুতের পাশাপাশি গ্যাস খাতেও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই অবৈধভাবে অন্যের হাতে তুলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদ্য সংবাদ/ এআর