ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগটির বিস্তার ঠেকাতে দেশব্যাপী বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগেই মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, দেশে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে আগাম প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে সরকার।
এর আগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রোগের বিস্তার রোধ এবং চিকিৎসাব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস