দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে মানোন্নয়নে এক বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ জন্য শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো অতিরিক্ত ‘অফ ডে’ রাখা হবে না। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতির প্রসঙ্গ তুলে ধরে দুলু বলেন, অনেক সময় দুপুরের পর প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের পাওয়া যায় না। কারণ জানতে চাইলে শিক্ষকের অনুপস্থিতির কথা বলা হয়। শিক্ষকরা উপস্থিত না থাকলে শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, চাকরিতে যোগদানের সময় সরকারি ছুটির বাইরে অতিরিক্ত ছুটি ভোগের নিয়ম ছিল না। সময়ের সঙ্গে কিছু অনিয়ম তৈরি হয়েছে। এখন এসব পরিবর্তন করে নিয়মতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
পাঠদানের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রস্তুত থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষক নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়ার দায়িত্বে না থাকলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে যুক্ত হতে হবে।
প্রশাসনের কর্মকর্তাদের উদাহরণ দিয়ে তিনি বলেন, সরকারি ছুটির দিন ছাড়া বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করতে হয় কর্মকর্তাদের। একইভাবে শিক্ষকদেরও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ও উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা উচিত। পাশাপাশি শিক্ষার পরিবেশ, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজন হলে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সচেতনতামূলক প্রচারসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে লিফলেট ও প্রচারপত্র তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রীর লেখা ‘জাগো বাহে তিস্তা’ বইও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিক।
এ ছাড়া জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস