ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দেশব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’- এর অংশ হিসেবে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান চালান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ি ও আশপাশের ড্রেন পরিদর্শন করা হয়। যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়ার আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় লার্ভানাশক ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের অভিযান যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পানি জমে থাকতে পারে- এমন স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত হওয়ার পর তা ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোনো স্থানে মশার লার্ভা পাওয়া গেলে কিংবা পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবহেলা ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।
সদ্য সংবাদ/এসকে