সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল এডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স।
বৈঠকে আইআরআইয়ের চলমান যুব নেতৃত্ব বিকাশ এবং সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা নিয়ে বিভিন্ন কর্মসূচির বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় বাংলাদেশের তরুণ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের মাধ্যমে হয়রানি ও মানহানির বিষয়টিও তুলে ধরে প্রতিনিধিদল।
এ ধরনের পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষের জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গঠনমূলক সমালোচনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে কারও চরিত্রহনন বা গালিগালাজ এক বিষয় নয়। ডিজিটাল পরিসরে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অনলাইন হয়রানি ও অপব্যবহার ঠেকানোর বিষয়েও সরকার সচেতন।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনটি পরিমার্জনের জন্য গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যমকর্মী, সিনিয়র সম্পাদক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য হলো ডিজিটাল পরিসরে শালীনতা নিশ্চিত করা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে আইনটি যেন কোনোভাবেই অপব্যবহারের সুযোগ তৈরি না করে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ গ্রহণ করবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে