মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও অভিনেতা ফেরদৌস আহমেদসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর একটি প্রতিনিধিদল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে কমিশনের চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেয়। সংগঠনটির সভাপতি আলম আয়াসের নেতৃত্বে প্রতিনিধিদলটি আবেদন জমা দেয়।
আবেদনে বলা হয়, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ রয়েছেন। সংগঠনটির অভিযোগ, গত ১৭ বছরে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ও সুনজরে থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বিপুল সম্পদের মালিক হয়েছেন।
রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাদের দাবি, এসব অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের অর্জিত সম্পদের একটি অংশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে সরবরাহ করা হচ্ছে।
এ কারণে তালিকাভুক্ত ব্যক্তিদের সম্পদের উৎস যাচাই, প্রয়োজনীয় নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে দুদক আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আবেদনে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুদকের সচিব আবেদনটি গ্রহণ করে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আবেদনে বিনোদন, গণমাধ্যম ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তির নাম রয়েছে। বিনোদন অঙ্গনের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রোকেয়া প্রাচী, জায়েদ খান ও তারানা হালিমসহ অনেকে।
গণমাধ্যম অঙ্গনের তালিকায় রয়েছেন নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, নাসিমা খান মন্টি ও আশরাফুল আলম খোকন।
এ ছাড়া ক্রীড়া অঙ্গনের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয়। তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে।
সদ্য সংবাদ/এসকে