চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের সম্পদ ও আয়ের হিসাব নিয়ে বড় ধরনের অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নাছির উদ্দীনের নামে ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকা।
এ ছাড়া তার নামে ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকা দায়-দেনার তথ্যও পেয়েছে দুদক। এসব দায় বাদ দেওয়ার পর নাছির উদ্দীনের নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা।
অন্যদিকে, ওই সময় পর্যন্ত পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয়ের পরিমাণ ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। নিট সম্পদ ও ব্যয় মিলিয়ে তার মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।
তবে দুদকের অনুসন্ধানে নাছির উদ্দীনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা।
এই আয় এবং সম্পদ ও ব্যয়ের হিসাব পর্যালোচনা করে ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার অসংগতি শনাক্ত করেছে কমিশন।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ গড়ে তুলেছেন নাছির উদ্দীন এবং তা ভোগদখলে রেখেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।
এখন মামলা দায়েরের পর তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় অভিযোগের বিষয়ে আরও তথ্য-প্রমাণ যাচাই করা হবে।
সদ্য সংবাদ/এসকে